বর্ষা মৌসুমে বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসে মিলেছে কিছুটা স্বস্তি। বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বাড়তে থাকলেও বর্ষা মৌসুমের কারণে ঢাকার বাতাসের মানে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। দীর্ঘদিন বিশ্বের দূষিত শহরগুলোর শীর্ষ সারিতে থাকা ঢাকা এবার নেমে এসেছে ৩২তম অবস্থানে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরটির বায়ুমান এখন মাঝারি পর্যায়ে রয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর লাইভ সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৬৭। এ স্কোর অনুযায়ী শহরটির বাতাস ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ে রয়েছে। একই তালিকায় ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৬৬। এই দুই শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে রয়েছে।
এদিকে ভারতের দিল্লি, দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, উগান্ডার কাম্পালা, কঙ্গোর কিনশাসা, চীনের উহান, ইসরায়েলের তেল আবিব, চিলির সান্তিয়াগো এবং ইরাকের বাগদাদ- এসব শহরের বায়ুমান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আর ৩০১ বা তার বেশি স্কোর হলে বাতাসকে ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।
দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর মধ্যে অবস্থান করছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে বর্ষার বৃষ্টিপাতের কারণে বাতাসে জমে থাকা ধুলাবালু ও দূষণ কমে যাওয়ায় এ সময় বায়ুমানের কিছুটা উন্নতি দেখা যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ