সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে জেলা ও উপজেলা স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিবাদন গ্রহণ করেন। দিবসটি উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। উন্নতমানের খাবার পরিবেশন করা হয় জেলা কারাগার, সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও বিভিন্ন এতিমখানায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
হবিগঞ্জ : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দুর্জয় হবিগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
নোয়াখালী : মাইজদী শহীদ মিনারে সংসদ সদস্য মোহাম্মদ শাহাজাহান, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, জেলা প্রশাসক সফিকুর রহমান পুষ্পমাল্য অর্পণ করেন।
যশোর : জেলা শহরের বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
চাঁদপুর : শহরের মুক্তিযোদ্ধা সড়কে অঙ্গীকার পাদদেশে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার।
গাজীপুর : শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠ-সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জিএমপি পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন উপস্থিত ছিলেন।
কুমিল্লা : কুমিল্লা টাউন হল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।
বাগেরহাট : ভোরে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
শেরপুর : জেলা শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।
শরীয়তপুর : শরীয়তপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক তাহসিন বেগম।
নরসিংদী : নরসিংদী স্টেডিয়ামে জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
মাদারীপুর : জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সংসদ সদস্য জাহানদার আলী জাহান, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম শ্রদ্ধা জানান।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও সাইফুল ইসলাম, বিএনপি নেতা গোলাম ফারুক খোকন প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।