কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে সন্তানসহ তাহমিনা আক্তার নামের এক নারী আটক হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আটক মোসা. তাহমিনা আক্তার কুমিল্লার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। পুলিশ হেফাজতে থাকাকালীন ওই নারী জানান, ইতিপূর্বে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন তিনি। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের রাজনীতি করছেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, নারীর সঙ্গে থাকা শিশুদের আটক করা হয়নি।
বঙ্গবন্ধুর জন্য দোয়ার চেষ্টা, পুলিশের বাধা : এদিকে, রাজধানীর ধানমন্ডিতে ব্যানার নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকে দেয় পুলিশ। পরে তিনি সেখান থেকে চলে যান। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি জানিয়েছেন, তার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর বাড়ির সামনে বসে তাঁর জন্য দোয়া এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করা। তবে পুলিশি বাধায় সেখানে বেশিক্ষণ অবস্থান করতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ওই ব্যক্তি দুটি ব্যাগে ব্যানার ও একটি বেডশিট নিয়ে আসেন। এরপর তার সঙ্গে আরও কয়েকজন যোগ দিলে পুলিশ তাদের চলে যেতে বলে।