চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর ও দর্শনার এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫) ও দামুড়হুদা উপজেলার দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে আজিমুদ্দিন (১৫)। এদের মধ্যে আজিমুদ্দিন দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাসেল বাড়ির পাশের একটি কৃষি জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, একই সময় দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের বালিগাদার মাঠে আজিমুদ্দিন তার বাবার জন্য খাবার নিয়ে গেলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, বজ্রপাতে রাসেল নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বজ্রপাতে স্কুলছাত্র আজিমুদ্দিনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/এআইডি