চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। রবিবার ভোরে সদর উপজেলার ভান্ডারদোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম হোসেন পার্শ্ববর্তী নতুন ভান্ডারদোহা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন মোজাম হোসেন। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় চুয়াডাঙ্গাগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ