চুয়াডাঙ্গায় ঈদ পরবর্তী যাত্রী সেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এদিকে, একই দিন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র নেতৃত্বাধীন মনিটরিং টিম দূরপাল্লার পরিবহন কাউন্টার পরিদর্শন ও দিক-নির্দেশনামূলক মতবিনিময় করেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এসময় তিনি ঈদে সড়কে চলাচলকারী যানবাহনে শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দেয়ার জন্য দিন-নির্দেশনা দেন। তিনি দ্রুতগতির মোটরবাইকের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন। তিনি বলেন, উচ্চ শব্দে চলা মোটরসাইকেলগুলোকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে যেসব মোটরসাইকেলে অপ্রাপ্ত বয়সের চালকরা তিনজন-চারজন চলাচল করে; হেলমেট ছাড়া শব্দদূষণ করে শহরবাসীর মধ্যে বিরক্তি সৃষ্টি করে তাদের ব্যাপারে কোন ছাড় দেয়া চলবে না। এ ক্ষেত্রে তাদের যেকোন পারিবারিক বা রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে শাস্তির আওতায় আনতে হবে।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র নেতৃত্বাধীন মনিটরিং টিম দূরপাল্লার পরিবহন কাউন্টার পরিদর্শন ও দিক-নির্দেশনামূলক মতবিনিময় করেছে। এসময় চুয়াডাঙ্গা বড় বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো পরিদর্শন করা হয়। একই সাথে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কি-না তা যাচাই করা হয়। এসময় মনিটরিং টিমের সদস্যরা পরিবহনের প্রতিনিধি ও যাত্রীদের সতকর্তামূলক বার্তার দেন। যত্রতত্র ওভারটেক না করতে চালক ও সুপারভাইজারদের নির্দেশনা দেয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত এসব কর্মসূচিতে উস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গার মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মইনুদ্দিন, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, জেলা বাস-মিনিবাস মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন।
বিডি প্রতিদিন/এএম