লেবাননে সাম্প্রতিক বিমান হামলার জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে স্পেন এবং একই সঙ্গে তেহরানে নিজেদের দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বৃহস্পতিবার বলেন, ইসরায়েলের এ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সদ্য কার্যকর হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিও ভঙ্গ করেছে।
পার্লামেন্টের নিম্নকক্ষে আইনপ্রণেতাদের উদ্দেশে আলবারেস বলেন, 'আমরা দেখেছি, কীভাবে যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে শত শত বোমা ফেলেছে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন'
সাম্প্রতিক সময়ে ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপের কড়া সমালোচক হিসেবে পশ্চিমা বিশ্বে স্পেনের অবস্থান আরও দৃশ্যমান হয়েছে। মাদ্রিদ এই সংঘাতকে বেপরোয়া ও অবৈধ আখ্যা দিয়ে এতে জড়িত যেকোনো উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে।
এদিনই আলবারেস ঘোষণা দেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে স্পেনের দূতাবাস পুনরায় চালু করা হবে। তিনি জানান, রাষ্ট্রদূতকে দ্রুত তেহরানে ফিরে গিয়ে দায়িত্ব গ্রহণ এবং দূতাবাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
আলবারেস বলেন,'আমরা চাই, সম্ভাব্য সব দিক থেকে, এমনকি ইরানের রাজধানী থেকেও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিতে।'
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/মুসা