মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, একটি স্কুলের বাইরে জড়ো হওয়া একদল মানুষের ওপর এ হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।
এদিকে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি যুদ্ধবিরতি চুক্তি টেকসই করতে মধ্যস্থতাকারীরা আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
নিহতদের একজনের স্বজন উম্মে হুসাম আবু আল-রুস বলেন, 'এটি কোনো যুদ্ধবিরতি নয়, বরং আমাদের তরুণদের জন্য একটি ফাঁদ। প্রতিদিনই মানুষ শহীদ হচ্ছে।'
তিনি আরও বলেন,'এটি খুবই অন্যায় যে তিন বছরের একটি শিশু তার মৃত বাবাকে দেখে ভয় পাচ্ছে। সে বলছে, তার বাবা দোকান থেকে কিছু আনতে গিয়েছিল।'
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/এম.এস