ইসরায়েলি জনগণের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালে দেশটি ছেড়ে গেছেন প্রায় ৭০ হাজারেরও বেশি ইসরায়েলি।
বুধবার প্রকাশিত গবেষণায় সিবিএস জানিয়েছে, টানা দ্বিতীয় বছরের ইসরায়েলের অভিবাসন ভারসাম্য ঋণাত্মক হয়েছে। মূলত গাজায় আগ্রাসনের ফলে সৃষ্ট যুদ্ধ-পরিস্থিতির কারণে দেশটির নাগরিকদের মাঝে এই প্রভাব দেখা গেছে।
সিবিএসের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৫ সালে ইসরায়েলের মোট জনসংখ্যা ১.১ শতাংশ বেড়ে রেকর্ড এক কোটি এক লাখ ৭৮ হাজারে (১০.১৭৮ মিলিয়ন) পৌঁছেছে। আগের বছরের মতোই এই প্রবৃদ্ধি হার অপরিবর্তিত থাকলেও, এটি ইসরায়েলের ইতিহাসে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম ধীর বছরগুলোর একটি।
একই দিনে টাউব সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিজ-এর আরেকটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে অনুমান করা হয়, জনসংখ্যা বৃদ্ধির হার ০ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে। দেশটির ইতিহাসে এই প্রথমবার জনসংখ্যা বৃদ্ধির হার ১ শতাংশের নিচে নেমে গেল।
সিবিএস জানিয়েছে, ২০২৫ সালে প্রায় ২৪ হাজার ৬০০ নতুন অভিবাসী ইসরায়েলে এসেছেন, যা ২০২৪ সালের তুলনায় ৮ হাজার কম। এই হ্রাসের বড় কারণ ছিল রাশিয়া থেকে আগত অভিবাসীদের সংখ্যা হঠাৎ কমে যাওয়া।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। একদিকে গাজায় আগ্রাসনের ফলে দেশের ভেতরে নিরাপত্তা শঙ্কা দূর হওয়ার বদলে আরও বেড়েছে। আর নেতানিয়াহুর স্বেচ্ছাচারী শাসনেও হাঁপিয়ে উঠেছেন ইসরায়েলিরা। সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ