রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচে অনেক চেষ্টার পর শেষ দিকে পেনাল্টি থেকে গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। নিজেদের পক্ষে হলেও সিদ্ধান্তটি সঠিক মনে হয়নি দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়ার। তিনি বলেন, হ্যান্ডবল ও পেনাল্টির সিদ্ধান্তগুলো এখনও তার কাছে একপ্রকার ধাঁধার মতো।
বছরে নিজেদের শেষ ম্যাচে ভাইয়াদলিদের মাঠে ২-০ গোলে জিতেছে রিয়াল। আপাতত লা লিগায় শীর্ষে থাকা দলটি গত শুক্রবারের ওই ম্যাচে প্রথম গোলের দেখা পায় ৮৩তম মিনিটে। কর্নার কিকে হেডের জন্য লাফিয়ে ছিলেন রিয়ালের দুই খেলোয়াড়। তাদের সামনেই ছিলেন ভাইয়াদলিদের ডিফেন্ডার হাভি সানচেস। প্রতিপক্ষের হেড থেকে বল লাগে সানচেসের হাতে। তাতে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।
ঠাণ্ডা মাথার স্পট-কিকে দলকে এগিয়ে নেন করিম বেনজেমা। পরে ছয় মিনিটের মধ্যে দারুণ ফিনিশিংয়ে আরেকটি গোল করে রিয়ালের জয় প্রায় নিশ্চিত করে দেন ফরাসি এই তারকা। ম্যাচের শুরুর দিকেও একবার বল হাতে লেগেছিল সানচেসের। কিন্তু সে সময় হ্যান্ডবলের আবেদনে সাড়া দেননি রেফারি।
এমন ‘অদ্ভুত’ সব ঘটনা কাতার বিশ্বকাপেও দেখা গেছে। প্রায় একইরকম ঘটনায় অনেক সময় হ্যান্ডবল দিচ্ছেন রেফারি, আবার কখনও না। সব মিলিয়ে পেনাল্টির নানারকম সিদ্ধান্ত নিয়ে কিছুটা যেন বিরক্তই বৈশ্বিক আসরের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়া। সবশেষ ঘটনায় তার মতে, দুর্ভাগা ছিলেন সানচেস।
তিনি বলেন, বিষয়টা অদ্ভুত। বিশ্বকাপের সময়ও বুঝতে পারিনি, কখন হ্যান্ডবল আর কখন না। আমরা বুঝতে পারছি না, কখন পেনাল্টি হচ্ছে, কখন হচ্ছে না। আমার মনে হয়, এখানে হাভি সানচেস দুর্ভাগা। এগুলো পেনাল্টি হলেও স্টুপিড পেনাল্টি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ