সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। রবিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল ভারতীয় পণ্যের চালানগুলো জব্দ করে।
বিজিবি জানায়, রবিবার সিলেটের বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ী, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফেসওয়াস, সাবান, মেহেদী, বিস্কুট, বিড়ি ও মদ জব্দ করে। এছাড়া বাংলাদেশ হতে পাচারকালে সুপারি ও শিং মাছ আটক করা হয়। আটককৃত চোরাচালানী পণ্যের মূল্য প্রায় ৪৮ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম