সিলেট মহানগর পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে সিলেটে দায়েরকৃত নতুন মামলায় মোট ১২জনকে গ্রেফতার করলো পুলিশ।
সোমবার (২২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শিঙ্গাউলী গ্রামের মৃত এবাদ আলী ছেলে আসাদুল হক একরাম (১৯), সিলেট মহানগরীর কোতোয়ালী থানার ছড়ারপার সুগন্ধা-৬০ এলাকার নূর আহমদ খাঁনের ছেলে তারেক আহমদ তপু (২৮), মাছিমপুর দোয়েল-১৭ এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে জুবেদ আহমদ (৩৫) ও সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মাহমুদপুর (পাড়া বেকই) ইউনিয়নের ২নং শ্রীপুর দক্ষিণ এলাকার মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. আফসার হোসেন মুন্না (২২)।
অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, রবিবার (২১ জুন) দিবাগত রাতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ জুন) থেকে বিভিন্ন সময়ে অভিযান দিয়ে আরও ৭ জন ছাত্রলীগ নেতাকর্মী এবং সোমবার (২২ জুন) আরও একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে সর্বমোট ১২ জনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন