উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর পানিতে তলিয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার সকালে হঠাৎ করে সাদাপাথর এলাকার মূল জিরো পয়েন্ট, ভাসমান দোকান এলাকা এবং পর্যটকদের চলাচলের বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি দ্রুত বেড়েছ। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সেখানে পর্যটন কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করে প্রশাসন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, প্রতিবেশী দেশে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে পানি নেমে আসছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।
তিনি বলেন, পাহাড়ি ঢলে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাদা পাথরের মূল পর্যটন এলাকায় স্থায়ী কোনো দোকান না থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কাও তুলনামূলক কম।
বিডি প্রতিদিন/কেএ