রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার মধ্যরাতে বাঘাইছড়ি উপজেলার জীবতলী ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবতলী ব্রিজ এলাকায় মারিশ্যা ২৭ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযানে নামে। এতে অংশ নেন বিজিবির সহকারী পরিচালক হাফিজুর রহমানও। বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ের জঙ্গলের দিকে পালিয়ে যায়। বিজিবি ব্যাগটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও খালি খোসা, নয়টি পিস্তল বহনকারী ব্যাগ ও কভার, একটি দেশি একনলা বন্দুক, সাতটি খালি খোসা, পাঁচটি চাইনিজ চাপাতি, দুটি দেশি লোহার হাঁসুয়া দা, একটি হাঁতুড়ি, একটি বাটুল গুলতি, ২৬টি কাচের ও পাঁচটি স্টিলের মারবেল, একটি পুরোনো স্কুলব্যাগ উদ্ধার করে। মারিশ্যা ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিজিবির এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।