পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে মসলার বেচাকেনা বেড়েছে। ভারত থেকে পর্যাপ্ত আমদানি হওয়ায় সব ধরনের মসলার দাম কমেছে। এতে স্বস্তিতে কেনাকাটা করছেন ক্রেতারা। দাম কম থাকায় এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গসহ বিভিন্ন মসলার চাহিদা কয়েকগুণ বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, গত ঈদে সাদা এলাচ প্রকারভেদে প্রতি কেজি ৫ হাজার ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছিল। তবে এবার ৪ হাজার ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কালো এলাচের দামও কমেছে। ৩ হাজার থেকে কমে এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়। জিরার দামও কেজিতে ৬৩০ থেকে ৫৬০ টাকায় নেমে এসেছে। নাজমুল হক নামে এক ক্রেতা বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের মসলা আমদানি হয়। ব্যবসায়ী শাওন আহমেদ বলেন, নিয়মিত মসলা আমদানি হওয়ায় বাজার স্থিতিশীল রয়েছে।