কুমিল্লার চান্দিনায় এক নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানির পর মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) চান্দিনা উপজেলার মহিচাইল সরকারি হাসপাতালের পাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন, চান্দিনা উপজেলার মহিচাইল বাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে গাড়ি চালক মো. রুবেল (২৮) ও একই পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জামাল (৪০)।
ভুক্তভোগী নারী জানান, স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে পার্লারের কাজ শিখে মহিচাইল বাজারে পার্লারের ব্যবসা করেন। বেশ কিছুদিন ধরে রুবেল ও জামাল তাকে বিভিন্নভাবে উত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় গতকাল অভিযুক্তরা তার বিউটি পার্লারে গিয়ে শ্লীলতাহানি করে। শ্লীলতাহানির ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। পরে জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ করেন। পরে পর্ণোগ্রাফী উৎপাদন, সংরক্ষণ ও মর্যাদাহানির জন্য ভীতি প্রদর্শনসহ যৌন পীড়নের অপরাধে তাদেরকে আটক করি। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আরকে