পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের প্রায় দেড়শ বছরের পুরনো একটি মসজিদে এখনো নেই স্থায়ী ছাউনি। ফলে ঝড়-বৃষ্টি কিংবা তীব্র রোদে মুসল্লিদের খোলা আকাশের নিচেই নামাজ আদায় করতে হচ্ছে।
স্থানীয়দের মতে, প্রায় ১৫০ বছর আগে গ্রামের বাবুখাঁ নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি খড় ও বাঁশ দিয়ে প্রথম মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে কাঠ, গোলপাতা ও টিনের ছাউনি দিয়ে তা সংস্কার করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় ইটের দেয়াল নির্মাণ করা হলেও সময়ের সঙ্গে সঙ্গে পলেস্তারা খসে পড়ে দেয়ালে ফাটল দেখা দেয়।
মসজিদ কমিটি এক দেড় বছর আগে পুনর্নির্মাণ কাজ শুরু করলেও অর্থ সংকটে তা থমকে যায়। বর্তমানে খুব সীমিত পরিসরে নির্মাণকাজ চলছে।
মসজিদের সহ-সভাপতি হামিদ মিয়া বলেন, 'মসজিদের সামান্য যে সম্পদ আছে, তা দিয়ে ইমাম-মোয়াজ্জিনের বেতন দেওয়াই কঠিন। আশপাশের মানুষও গরিব, তাদের সহযোগিতায় কোনোভাবে পিলার পর্যন্ত উঠানো হয়েছে। মাত্র ৫০ হাজার টাকা দিয়ে কাজ শুরু করা হয়েছিল।'
মসজিদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মিয়া নির্মাণকাজ সম্পন্ন করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
বিডি প্রতিদিন/এম.এস