আশির দশকের জনপ্রিয় শিশুশিল্পী মাস্টার শাকিল যেন অকাল বার্ধক্যের দোরগোড়ায় এসে পৌঁছে গেছেন, দেখে চমকে উঠতে হয়। অথচ তিনি যেন সেই বার্ধক্যকে নিতান্তই সহজভাবে মেনে নিয়েছেন, তাঁর বুদ্ধিদীপ্ত এবং কৌতুকপূর্ণ দুটি চোখ সেই কথাই বলে, এই না হলে শিল্পী। তাঁর পুরো নাম আজাদ রহমান শাকিল। মাস্টার শাকিল নামেই তিনি অধিক পরিচিত। মূলত শিশুশিল্পী হিসেবে তিনি বড়পর্দায় তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। শাকিল প্রয়াত পরিচালক সুভাষ দত্ত পরিচালিত ১৯৭৮ সালের চলচ্চিত্র ‘ডুমুরের ফুল’ এবং খান আতাউর রহমান পরিচালিত ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডানপিটে ছেলে’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অসাধারণ অভিনয় করে দুবার শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তাঁর অভিনীত অন্য চলচ্চিত্রগুলো হলো ডুমুরের ফুল, দিন যায় কথা থাকে, ডানপিটে ছেলে, পুরস্কার, লাগাম, কলমিলতা, দেবদাস, এতিম, এখনো অনেক রাত, দীপু নাম্বার টু প্রভৃতি। বর্তমানে অভিনেতা শাকিল ঢাকায় তাঁর ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন।