বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শীর্ষ ১০ ব্যান্ডের মৌলিক গান নিয়ে ‘ব্যান্ড উৎসব-২০২৫’ আয়োজন করা হয়েছে। তারুণ্যের বাংলাদেশের কথা মাথায় রেখে বিটিভি কর্তৃপক্ষের উদ্যোগে কিংবদন্তি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও ব্যান্ড সংগীতের বরেণ্য সুরকার ফোয়াদ নাসের বাবুর রসায়ন আয়োজনকে দিয়েছে ভিন্নমাত্রা। এতে শীর্ষস্থানীয় ব্যান্ড দল সোলস, ফিডব্যাক, দলছুটসহ ১০টি ব্যান্ডকে যুক্ত করা হয়েছে। গোলাম মোর্শেদের প্রযোজনা, আহমেদ তেপান্তরের গ্রন্থনা এবং শারমিন নিগারের শিল্প নির্দেশনায় বিটিভির নিজস্ব সেটে গানগুলোর চিত্রায়ণ হয়েছে। প্রথম পর্ব প্রচার হবে ৩০ ডিসেম্বর রাত ১০টায়। এদিন নির্ঝর, দলছুট, তরুণ, রেনেসাঁ, শিরোনামহীনের পারফর্ম দেখানো হবে। দ্বিতীয় পর্ব ৩১ ডিসেম্বর রাত ১০টায় পার্থিব, পেন্টাগন, ফিডব্যাক, নোভা এবং সোলস পারফর্ম করবে। বিটিভির জেনারেল ম্যানেজার নুরুল আজম বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনকে একঘেয়ে জায়গা থেকে বের করে সব দর্শকের আস্থার জায়গায় আনতে বৈচিত্র্য দরকার ছিল। বিশেষ করে তারুণ্যের জায়গাটায়। তারই অংশ হিসেবে ব্যান্ড সংগীতের উদ্যোগ নেওয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফেরদৌস বাপ্পী।