প্রথমবারের মতো রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জীবনে প্রথম দিন সেখানে অফিস করলেন তিনি। ২০০৮ সালে ‘ওয়ান-ইলেভেন’-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য এ কার্যালয় খোলা হয়েছিল। তার আগেই উচ্চ আদালতের জামিন নিয়ে উন্নত চিকিৎসার্থে যুক্তরাজ্যের লন্ডনে চলে গিয়েছিলেন তারেক রহমান।
গতকাল দুপুর ১টা ৪০ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। এর আগে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে এ কার্যালয়ের উদ্দেশে রওনা হন। গুলশান কার্যালয়ে পৌঁছালে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান।
এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, আতিকুর রহমান রুম্মন, আবু সায়েম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
গাড়ি থেকে নেমে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান কার্যালয়ে প্রবেশ করেন। পরে কার্যালয়ের দোতলায় নিজের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য একটি আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে। দোতলায় চেয়ারপারসনের কক্ষের পাশেই এ চেম্বার তৈরি করা হয়েছে।
তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকাভুক্ত হলেন : নির্বাচন কমিশনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাঁদের ভোটার তালিকাভুক্ত করার বিষয়টি অনুমোদিত হয়। পরে তাঁদের ভোটার তালিকাভুক্ত করে নির্বাচন কমিশন। গতকাল ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।
অন্যদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের পাশাপাশি তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, ঢাকা-১৭ আসনের ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান অ্যাভিনিউর ভোটার তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভোটার নম্বর ৮১২৪। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান। গতকাল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
ঢাকা-১৭ থেকেও নির্বাচন করবেন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ সংসদীয় আসন থেকেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল সকালে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনে অংশ নেবেন। একই সময়ে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। পরবর্তী সময়ে দলের সিনিয়র নেতারা তাঁকে এই আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। বিএনপির এ সিদ্ধান্তের কথা জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন আন্দালিব রহমান পার্থ। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তাঁর বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুও এই আসনের সংসদ সদস্য ছিলেন। বিএনপির মিডিয়া সেল জানায়, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গতকাল বেলা ১১টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসন থেকে যথাক্রমে বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ থেকে নির্বাচনে অংশ নেবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন। তিনি অত্যন্ত জটিল এবং একটা সংকটময় মুহূর্ত পার করছেন। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে মায়ের জন্য আবারও দোয়া চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানায়। এর আগে, শনিবার দিবাগত রাত ১২টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে আবারও দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে শনিবার গভীর রাতে হাসপাতালের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের সদস্য ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে দেখতে হাসপাতালে এসেছিলেন।
মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল রাতেও এভারকেয়ার হাসপাতালে গেছেন তারেক রহমান। রাত ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
রাত ৮টা ২৩ মিনিটে হাসপাতালে প"বেশ করেন তিনি। এর ১০ মিনিট পর হাসপাতালে আসেন তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এ ছাড়া গতকাল হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম।
হাসপাতালে আগত রোগীরা যাতে সঠিকভাবে চিকিৎসা নিতে পারেন, সেজন্য উনি অত্যন্ত কনসার্ন শো করেছেন। সেজন্য দলীয় নেতা-কর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন- যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যেসব রোগীরা আছেন, তাদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, সেজন্য সবাই অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন।
কোনো ধরনের অতিউৎসাহী কার্যক্রমের সঙ্গে নেতা-কর্মীদের জড়িত না হওয়ার জন্য বলেছেন।
বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে, দেশের এবং বিদেশের চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। উনার সুস্থতার জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য ও রহমত চাই। সেই সঙ্গে আমরা দেশবাসীর কাছেও দেশনেত্রীর সুস্থতার জন্য, উনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া চাই।