সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। গতকাল সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিদায়ি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি, তিন বাহিনীর প্রধান এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা ৩৫ মিনিটে এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৩ ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।
আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জেলা জজ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর বিচারপতি হিসেবে তাকে স্থায়ী করা হয়।
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা : গতকাল শপথ গ্রহণের পর বিকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদেন করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
অভিভাষণ কাল : আগামীকাল সারা দেশে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ দেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তিনি এ অভিভাষণ দেবেন। গতকাল এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি স্মারক জারি করেছে। এতে বলা হয়, অভিভাষণ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সব জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দেওয়া হয়েছে।