লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম (৪০) ও নাহিদুল ইসলাম নাহিদ (২৫)। এ ছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছেন। রবিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়া জিদ্দিন ফোজামাল এলাকায় ইসরায়েলি ড্রোন হামলার কবলে পড়েন তারা। নিহতদের পরিবারের আহাজারি, কান্না আর স্বজন হারানোর শোকে যেন সাতক্ষীরার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, স্থানীয় সময় দুপুর প্রায় ১২টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়া জিদ্দিন ফোজামাল এলাকায় একটি পাউরুটিবাহী গাড়িতে ওঠার সময় ড্রোন হামলায় নিহত হন তারা। বর্তমানে তাদের লাশ নাবাতিহের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর আফছার আলীর ছেলে শফিকুল ইসলাম পরিবারের ঋণের ১০ লাখ টাকা পরিশোধ, পরিবারের সচ্ছলতা আর তার দুই মেয়ের উচ্চশিক্ষা নিশ্চিত করার স্বপ্ন নিয়ে প্রবাস জীবন শুরু করলেও ইসরায়েলের ড্রোন হামলায় নিমিষেই সব শেষ হয়ে যায়। একই হামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের যুবক নাহিদুল ইসলাম নাহিদসহ আরও এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন। সদর উপজেলার ভালুকা চাঁদপুর ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নিহত দুই পরিবারে এখন শোকের মাতম। শফিকুল ইসলামের স্ত্রী রুমা খাতুন জানান, গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। ফোনে শফিকুল তার বড় মেয়ে কলেজশিক্ষার্থী তামান্না আক্তার মৌ এবং ছোট মেয়ে তন্বী আক্তার বৃষ্টির পড়াশোনার খোঁজ নিয়েছিলেন এবং তাদের মানুষের মতো মানুষ করার তাগিদ দিয়েছিলেন। নাহিদুল ইসলামের বাবা আবদুল কাদের বলেন, আমার দুটি ছেলে। বড় ছেলে নাহিদকে ৬ লাখ টাকা ঋণ করে বিদেশে পাঠাইছিলাম। এখন তার লাশটা দেশে এনে যেন মাটি দিতে পারি, সরকারের কাছে এটুকুই দাবি।
নিখোঁজ আরও দুই বাংলাদেশি : লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের এলাকায় পৃথক ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের শ্রম বিভাগের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, সোমবার রাতে নাবাতিয়ের এলাকায় দুই প্রবাসী বাংলাদেশি থাকে এমন এলাকায় ড্রোন হামলায় তাদের আবাসস্থল তছনছ হয়ে গেছে। লাশ না পাওয়ায় আমরা আনুষ্ঠানিকভাবে মৃত্যু নিশ্চিত করতে পারছি না।
ইসরায়েলি হামলার নিন্দা বাংলাদেশের : লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে ইসরায়েলের হামলায় সাতক্ষীরার রফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ নামে দুই বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখছে। অঞ্চলটিতে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ, সর্বোচ্চ সংযম ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে।