রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল বেলা ২টার পর থেকে শাহবাগে অবরোধ শুরু করে সংগঠনটি। বেলা ১১টা থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। ২টার পর তারা শাহবাগ মোড় বন্ধ করে দেন। ফলে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দেখা গেছে, শাহবাগ মোড়ের মাঝখানে বসে আছেন নেতা-কর্মীরা। একটু পরপর স্লোগান দিচ্ছেন তারা। নেতা-কর্মীরা, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’ ‘হাদি না মোদি, হাদি হাদি’ স্লোগানে মুখরিত ছিল শাহবাগ এলাকা।
এর আগেরদিন রাতে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছিল ইনকিলাব মঞ্চ। সে অনুযায়ী, বিভাগীয় শহরগুলোতেও এ অবরোধ কর্মসূচি চলছে। তার অংশ হিসেবে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। গতকাল বিকাল ৩টার দিকে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে কয়েকজনকে মহাসড়কে বসে পড়তেও দেখা গেছে। এতে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। অবরোধে এনসিপি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখা গেছে।
এদিকে হাদির খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বেলা ৩টা থেকে উত্তরা বিএনএস সেন্টারের উভয়পাশে অবরোধ করে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চসহ স্থানীয় ছাত্র-জনতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ হয়ে যায়। আন্দোলনের কারণে ঢাকা থেকে বের হওয়া এবং ঢাকা প্রবেশের সহস্রাধিক যানবাহন যানজটে আটকা পড়ে।
এ ছাড়া হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে টঙ্গী কলেজ গেটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন স্থানীয় ছাত্র-জনতাসহ ইনকিলাব মঞ্চের নেতারা। রাস্তা অবরোধের ফলে এ রুটে চলাচলকারী উত্তরবঙ্গের ১৭টি রুটের সব যানবাহন চলাচল বন্ধ থাকে। হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বেলা ২টা থেকে মহানগরের চৌহাট্টায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। এতে কয়েক শ ছাত্র-জনতা’ অংশ নেয়। চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর শাহ আমানত সেতু এলাকায় এ বিক্ষোভ করা হয়। এ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ও অবরোধ করেছেন ‘সর্বস্তরের জনগণ ও বিপ্লবী ছাত্রসমাজে’র শিক্ষার্থীরা। এতে করে দৌলতদিয়া-কুষ্টিয়া ও দৌলতদিয়া-খুলনা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করছেন ইসকিলাব মঞ্চের কর্মীরা। দুপুরে নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নেন তারা। এ সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে ‘ইনকিলাব মঞ্চ’। বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিকাল সোয়া ৪টার দিকে আন্দোলনকারীরা ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এ সময় টাউন হল এলাকায় ‘ইনকিলাব মঞ্চ’-এর ব্যানারে অবস্থান নিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সর্বাত্মক অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা। অবরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রী অংশ নিয়েছেন।