হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে সিলেটগামী মালবাহী ট্রেনটি গতকাল রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমকালে চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে ট্রেনটির কয়েকটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেন থেকে পড়ে যাওয়া তেল উদ্ধার এবং যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার উদ্ধার কাজে যোগ দিয়েছে বিজিবি।
এ বিষয়ে মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এরই মধ্যে আখাড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি আসলে পরে উদ্ধার কার্যক্রম শুরু হবে। এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা বা চট্টগ্রাম থেকে সিলেটগামী বা সিলেট থেকে চট্টগ্রাম বা ঢাকাগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। রেল কর্তৃপক্ষ ট্রেনটি উদ্ধারের জন্য যোগাযোগ করছেন।
এ ছাড়াও ট্রেন থেকে পড়ে যাওয়া তেল উদ্ধার এবং যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার উদ্ধার কাজে যোগ দিয়েছে বিজিবি।