ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ‘আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি’ (কোর্স নম্বর-২০৮) পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার আগেই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গ্রুপে ছড়িয়ে পড়ে। পরীক্ষার হলে একই প্রশ্ন আসায় বিষয়টি প্রকাশ পায়। এ অবস্থায় দ্রুত তদন্ত কমিটি গঠন ও পরীক্ষা স্থগিতের দাবি জানানো হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী গণমাধ্যমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো এ ধরনের অনিয়মকে সমর্থন করে না। বিষয়টি সামনে আসায় সাত কলেজ প্রশাসককে অবগত করা হয়েছে। প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা করবে।
সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক একেএম ইলিয়াস জানান, পরীক্ষা পরিচালনার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাত দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে। এরপর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল