“এসো হে বৈশাখ, এসো এসো”—এই স্লোগানকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে উত্তরা ৭ নম্বর সেক্টর পার্কে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে অরাজনৈতিক সংগঠন ‘ভোরের স্পন্দন’। কর্মজীবীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির বর্ণিল উপস্থাপনা।
মঙ্গলবার সকালে পার্ক প্রাঙ্গণে নতুন বছরকে বরণ করতে আয়োজন করা হয় পান্তা-ইলিশ ভোজ, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যা পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি এম এ খালেক। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি (সাবেক যুগ্ম সচিব), কার্যনির্বাহী সভাপতি প্রকৌশলী মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছিমা হাসানসহ সদস্য মন্টু, সেলিম, সুমন, নাছরিন খন্দকার ও কোহিনুর খন্দকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন প্রজন্মের মাঝে এ চেতনা ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিডি-প্রতিদিন/এমএল