ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, ‘বর্তমানে একটি বিশেষ ধর্মভিত্তিক দল নিত্যনতুন নানা ইস্যু তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা ধর্মের নামে ভোটের বৈতরণি পার হতে চায়, যা ইসলাম এবং গণতন্ত্র উভয় আদর্শের পরিপন্থি।’ গতকাল যাত্রাবাড়ীতে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নবীউল্লাহ নবীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কার্যক্রমে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চোখ পরীক্ষাসহ চোখের ছানি অপারেশন, লেন্স স্থাপন এবং ওষুধ ও চশমা দেওয়া হয়। নবীউল্লাহ নবী বলেন, দেশের লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। পতিত স্বৈরাচারের দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। এই অস্থিতিশীলতা বন্ধ করতে এবং দেশের শান্তি-শৃঙ্খলার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।