উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না। সবাই এ নির্বাচনে সমর্থন জানাবে। তবে একটি মহল অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা প্রতিহত করবে। তিনি আরও বলেন, ১৫ বছর ছিল ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোট দিতে গিয়ে বন্দি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে। এবার মানুষ নির্বাচনে ভোট দেবে দুটা। গণভোট যেটা জুলাই সনদের পক্ষে। আরেকটা পার্লামেন্ট নির্বাচন। যেখানে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটা তো অন্য জিনিস। বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে। গতকাল সকালে মাদারীপুর নতুন বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণায় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।