আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের ক্ষেত্রে নির্বাচনি ইশতেহারের প্রতিফলন ঘটাতে হবে। সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন, শিক্ষা বাজেটে পর্যাপ্ত বরাদ্দ এবং কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে হবে। গতকাল বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট শৌর্য তালুকদার। প্রবন্ধে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সরকারের নির্বাচনি ইশতেহারে শিক্ষার উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বিশ্লেষণ তুলে ধরেন তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি বলেন, একটি দেশের সার্বিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। সরকারের নির্বাচনি ইশতেহারে শিক্ষার যে রূপরেখা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে শিক্ষা বাজেটে কাঠামোগত সংস্কার ও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আলোচকের বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি এডিটর রাজু আহমেদ বলেন, ইশতেহারের প্রতিশ্রুতির সঙ্গে বাজেটের সামঞ্জস্য থাকা জরুরি।
শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর।