সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্ম ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬ (বিওবিসি)’-এর পঞ্চম আসর আগামী ৩-৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এ সংলাপ প্ল্যাটফর্মে ১০০-এর বেশি দেশের প্রায় ১ হাজার প্রতিনিধি অংশ নেবেন। রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সম্মেলনের প্রতিপাদ্য ‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে সিজিএস এসব তথ্য জানায়। এতে বলা হয়, এবারের সম্মেলন পাঁচটি প্রধান থিম্যাটিক স্তম্ভকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে। সেগুলো হলো পরিবর্তনশীল ক্ষমতার রাজনীতি: ভূরাজনীতি, নিরাপত্তা ও কৌশলগত প্রতিযোগিতা, প্রযুক্তির নতুন দিগন্ত : কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও তথ্যের ক্ষমতা, অর্থনীতির নতুন ভূগোল : বাণিজ্য, সংযোগ ও প্রবৃদ্ধির নতুন বাস্তবতা, জলবায়ু, স্থিতিস্থাপকতা ও মানব নিরাপত্তা, আস্থা, গণতন্ত্র ও সুশাসনের ভবিষ্যৎ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ, বে অব বেঙ্গল লেকচার, উচ্চ পর্যায়ের লিডারশিপ ফোরাম।
সম্মেলনের অন্যতম স্বাক্ষরধর্মী অধিবেশন Why the Bay Matters to the World-এর মূল বিষয়বস্তু ‘বঙ্গোপসাগর : ভূরাজনীতি, সংযোগ ও ভবিষ্যতের নতুন কেন্দ্র’।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিন দিনব্যাপী এ সম্মেলনে উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশন, নেতৃত্ব পর্যায়ের সংলাপ, বিষয়ভিত্তিক আলোচনা, বিশেষ সাক্ষাৎকারভিত্তিক সেশন, ফায়ারসাইড কনভারসেশন এবং একটি বিশেষ ইয়াং লিডারস ফোরাম থাকবে। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে থাকবে আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তি, বাণিজ্য ও সংযোগ, জলবায়ু ও মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বঙ্গোপসাগর অঞ্চলের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব।