ইতালি ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন এজাজুল হক ওরফে রতন, নার্গিস বেগম ও বাদল। গতকাল রাজধানীর মিরপুরে র্যাব-৪ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার কে এন রায় নিয়তি।
তিনি জানান, গাজীপুরের বাসিন্দা ইমরান হোসেন র্যাবের কাছে অভিযোগ করেন, ২২ লাখ টাকায় তাকে ইতালি পাঠানোর কথা বলে চক্রটি। পরে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে পাঠানোর আশ্বাস দিয়ে তার কাছ থেকে মোট প্রায় ১৯ লাখ টাকা আদায় করা হয়।
প্রথমে ইতালিতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়া হলেও পরে জানানো হয়, ইতালি সরকার লোক নেওয়া বন্ধ করে দিয়েছে। এরপর জার্মানিতে পাঠানোর কথা বলে আরও অর্থ নেওয়া হয়। পরবর্তীতে কাগজপত্রে ত্রুটির অজুহাত দেখিয়ে কানাডায় পাঠানোর আশ্বাস দেওয়া হয়। এ সময় ভিসা, মেডিকেল, ফিঙারপ্রিন্ট ও বিমান টিকিটের খরচের কথা বলে আরও টাকা হাতিয়ে নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা করা হয়নি। একপর্যায়ে ইমরান হোসেন অভিযুক্ত রতনের অফিসে গিয়ে জানতে পারেন, অফিসটি কয়েক মাস আগেই বন্ধ হয়ে গেছে। পরে তিনি রাজধানীর শাহ আলী থানায় মামলা করেন। র্যাব কর্মকর্তা জানান, এই চক্রের বিরুদ্ধে আরও কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।