নিয়োগের ২৩ দিনের মাথায় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তন এনেছে সরকার। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে অব্যাহতির খবর জানানো হয়। এতে আরও বলা হয়, নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মো. আমির হোসেন।
১৪ মে বিশ্ববিদ্যালয়টিতে ভিসি হিসেবে নিয়োগ পেয়ে ১৬ মে যোগদান করেছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দুই ব্যক্তি-ই উপাচার্য হতে তদবির করে আসছিলেন। একই নাম হওয়ার কারণে ভুলবশতঃ এক ব্যক্তির স্থলে অন্যজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এটি ‘টাইপিং মিসটেক’ ছিল। তাই আগের ভিসিকে সরিয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি এক সূত্র জানায়, আগে নিয়োগ পাওয়া উপাচার্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তদন্তাধীন।