চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় আসামিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তদের ধরতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে এ আলটিমেটাম দেন সাংবাদিকরা। সভায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, নয়টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাব্বি পুলিশের ‘সোর্স’ পরিচয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাকে ধরছে না। ‘পুলিশ আইওয়াশ করার জন্য কিছু নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করলেও মূল অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।’ ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের গড়ে তোলা হবে।
একই দাবিতে শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটেও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
প্রসঙ্গত, ৩০ এপ্রিল রাতে শহরের বাতেন খাঁর মোড়ে হত্যা, ডাকাতি, বিস্ফোরণসহ নয়টি মামলার আসামি জেলার শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী মাই টিভির সাংবাদিক তারেক আজিজ, চ্যানেল ওয়ান ও দৈনিক আমার দেশের সাংবাদিক তারেক রহমানের ওপর হামলা চালায়।