মহাসড়ক পারাপারে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সাত গ্রামের বাসিন্দারা।
শুক্রবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয়রা জানান, মহাসড়কের একপাশে দেবিদ্বার এবং অন্যপাশে চান্দিনা উপজেলা হওয়ায় প্রতিদিন দুই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ এ সড়ক অতিক্রম করে যাতায়াত করেন। দেবিদ্বারের বরকামতা, প্রেমু, ব্রাহ্মণখাড়া, ছোটনা ও বাগমারা গ্রামের মানুষ চান্দিনা বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে এই সড়ক ব্যবহার করেন। একইভাবে চান্দিনার রারিরচর ও গোবিন্দপুর গ্রামের বাসিন্দারাও প্রতিদিন এ মহাসড়ক পার হন।
স্থানীয়দের অভিযোগ, নিরাপদ পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রাণ হারাচ্ছেন।
গত ১ এপ্রিল সকালে মহাসড়ক পার হওয়ার সময় লরিচাপায় ইবনে তাইম নামে এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জোরালো হয়।
মানববন্ধনে বিভিন্ন গ্রামের বাসিন্দা, স্থানীয় সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন। তারা দ্রুত এ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিডি-প্রতিদিন/সুজন