লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাটি রাজনৈতিক বিষয় নয় এবং হিন্দু মুসলমানের বিষয়ও নয়। এটিকে পুঁজি করে ধাঙ্গা-হাঙ্গামা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না বলে সতর্ক করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
শনিবার (২৭ জুন) দুপুরে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা খায়ের ভূঁইয়া বলেছেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে বলে আমরা আশা করি। এর সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি হিন্দু-মুসলমানের বিষয় নয়। এটিকে পুঁজি করে কোনো ধরনের ধাঙ্গা-হাঙ্গামা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা যাবে না। ফ্যাসিস্ট আমলের দোসর কেউ কেউ এটাকে কৌশলে ভুল তথ্য প্রচার করে বিতর্ক সৃষ্টি করতে চায়।’
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যদি চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলেই ভাই ভাই। এখানে আমরা সকল সাংবাদিকদের চিনি, জানি। কিন্তু কোনো উস্কানিমূলক মিথ্যা তথ্য সরবরাহ করে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেদিকে সকলকে সজাগ ও সতর্ক থাকার জন্য এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু ও রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ