বগুড়া সদরের চারমাথা এলাকার সেফওয়ে মোটেলের পশ্চিম পাশে আদালতে মামলা চলমান থাকা একটি সম্পত্তিতে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নির্মাণকাজ বন্ধ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ১৫ জুন জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোছা. পিয়ারা খাতুন (৩৫)।
অভিযোগে তিনি উল্লেখ করেন, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার এখনো চূড়ান্ত রায় হয়নি এবং ওই সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এমন অবস্থায় প্রতিপক্ষ পুরোনো বাড়ি ভেঙে ১০ তলা ভবন নির্মাণকাজ শুরু করেছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।
অভিযোগকারী পিয়ারা খাতুন বলেন, একই এলাকার মো. রমজান আলী, মো. আব্দুল খালেক পাইকার ও মো. আপেল পাইকার মামলা চলাকালীন ভবন নির্মাণ করছেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ