ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি মানুষ যেন সহজে, সাশ্রয়ী খরচে এবং মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার সকাল ১০ টায় কেরানীগঞ্জের হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফ্রি হেলথক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, হৃদরোগ, কিডনি ও চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন বিশেষায়িত স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকার কাজ করছে। তিনি জানান, হার্টের রিংয়ের দাম ৪৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে, যাতে হৃদরোগীরা কম খরচে চিকিৎসা নিতে পারেন।
তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংসদ সদস্য বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। তাই শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষও যেন উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে বিষয়ে সরকার আন্তরিক।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/টিএ