সামাজিক উন্নয়ন, ক্রীড়া চর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক ও ইন্টারনেট আসক্তি আসক্তি থেকে বসুন্ধরা শুভসংঘ রোয়াংছড়ি উপজেলা শাখার উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ওয়াগই পাড়ার কিশোর-কিশোরীদের মাঝে ক্রীড়াসামগ্রী (ফুটবল) বিতরণ করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘের পার্বত্য অঞ্চল সমন্বয়ক উয়ই সি মার্মা বলেন, পার্বত্য অঞ্চলের শিশু-কিশোরদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘ বিশ্বাস করে, আজকের ক্রীড়াপ্রিয় তরুণরাই আগামী দিনের সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাই পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলেও ক্রীড়া, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
উপদেষ্টা পিন্টু তঞ্চঙ্গ্যা বলেন, পাহাড়ি এলাকার শিশু-কিশোরদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ তাদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।
উপদেষ্টা আপন তঞ্চঙ্গ্যা বলেন, বর্তমান সময়ে মোবাইল ও প্রযুক্তিনির্ভর জীবনের কারণে অনেক শিশু-কিশোর খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের মাঠমুখী করতে এবং সুস্থ জীবনধারায় অভ্যস্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।
রোয়াংছড়ি উপজেলা শাখার সভাপতি শিমল তঞ্চঙ্গ্যা বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ক্রীড়াসামগ্রী বিতরণের মাধ্যমে আমরা কিশোর-কিশোরীদের মধ্যে দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখতে চাই।
ফুটবল পেয়ে স্থানীয় কিশোর-কিশোরীরা আনন্দ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় বসুন্ধরা শুভসংঘ রোয়াংছড়ি উপজেলা শাখার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পরে উপস্থিত অতিথিরা তাদের হাতে ফুটবল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রোয়াংছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মং মং সাই মারমা, সাংগঠনিক সম্পাদক মনিলাল তঞ্চঙ্গ্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ্র তঞ্চঙ্গ্যা, তথ্য ও যোগাযোগ সম্পাদক অন্টর তঞ্চঙ্গ্যা, সদস্য আথই মারমাসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।
বিডি-প্রতিদিন/এমএল