কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর উত্তরপাড়ার একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ ফেলে চলে যাওয়ায় তিন বছরেও তা শেষ হয়নি। ফলে ভাঙাচোরা সড়কে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিনয়ঘর জয়নাল মেম্বার বাড়ির পুল থেকে মানিকমুড়া সড়ক পর্যন্ত সরকারি সড়কটি সংস্কারের জন্য তিন বছর আগে দরপত্রের মাধ্যমে ‘শরীয়তপুর ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। তবে কাজের শুরুতেই সড়কের কিছু অংশে দুই পাশে বক্স কাটিং করে প্রতিষ্ঠানটি হঠাৎ কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে দীর্ঘ তিন বছর ধরে প্রকল্পটির কোনো অগ্রগতি হয়নি।
ঠিকাদারের ফেলে রাখা বক্স কাটিংয়ের কারণে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। বর্তমানে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে যায়। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে।
সড়ক বেহালের কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। এছাড়া মসজিদ ও মক্তবে যাতায়াতকারী শিশু, সাধারণ মানুষ, জরুরি রোগী এবং গর্ভবতী নারীদের চলাচলেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, ২০২৪ সালের বন্যার পর থেকে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে ডুবে যায়। দ্রুত সড়কটি পুনরায় দরপত্রের (রি-টেন্ডার) আওতায় এনে নির্মাণকাজ শুরু করার দাবি জানান তিনি।
এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘শরীয়তপুর ট্রেডার্স’-এর কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহ আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এনআরএইচ