শেষ মুহূর্তে জয়সূচক গোল পেয়েও সেটি ধরে রাখতে পারল না ইরান। অতিরিক্ত সময়ে করা গোলটি ভার পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হওয়ায় মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ফলে নকআউট পর্বে ওঠার ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।
যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত গ্রুপ জি এর শেষ ম্যাচে এই ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে মিশর। তিন ম্যাচে তিন পয়েন্ট পাওয়া ইরান রয়েছে তৃতীয় স্থানে। এখন সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় জায়গা পাওয়ার অপেক্ষায় থাকতে হবে তাদের।
ম্যাচের পঞ্চম মিনিটেই মোহামেদ সালাহর আক্রমণ থেকে পাওয়া বল জালে পাঠিয়ে মিশরকে এগিয়ে দেন মাহমুদ সাবের। তবে ১৪ মিনিটেই রামিন রেজাইয়ানের দুর্দান্ত গোলে সমতায় ফেরে ইরান।
এর আগে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইরান। কিন্তু মেহেদি তারেমির শট দারুণভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।
দ্বিতীয়ার্ধে বড় সুযোগ কম থাকলেও ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে শোজা খলিলজাদেহ বল জালে পাঠিয়ে ইরানকে উল্লাসে ভাসান। কিন্তু ভারে দেখা যায় তিনি সামান্য অফসাইডে ছিলেন। ফলে গোল বাতিল হলে ১ ১ সমতায় শেষ হয় ম্যাচ।
গ্রুপ জি থেকে ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম। সমান ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে মিশর। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইরান এবং এক পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড।
গ্রুপ রানার্সআপ হিসেবে আগামী ৩ জুলাই ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। তবে ম্যাচে হ্যামস্ট্রিং চোট পেয়ে ৫৭ মিনিটেই মাঠ ছাড়েন অধিনায়ক মোহামেদ সালাহ।
অন্যদিকে ইরানের নকআউট ভাগ্য নির্ধারণ হবে অন্য গ্রুপগুলোর খেলা শেষ হওয়ার পর।
বিডি প্রতিদিন/আশিক