গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মোরসালিন বাবু (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোরসালিন বাবু ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে যায় মোরসালিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পুকুর থেকে তুলে আনেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জের বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ