মাদারীপুরের শিবচর উপজেলায় ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলতে গিয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রী ও তার স্কুলপড়ুয়া ছেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ব্যাংকে যাওয়ার পর থেকে তাদের সন্ধান মিলছে না।
নিখোঁজরা হলেন শিবচর উপজেলার আলেপুর গ্রামের আব্দুল মালেক হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম (৪০) এবং তাদের ছেলে রিহাব হাওলাদার (১৩)। রিহাব শিবচর নন্দকুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল মালেক দীর্ঘ ছয় বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। গত ২৩ জুন একটি এনজিও থেকে মাকসুদা বেগমের নামে ১২ লাখ টাকার একটি চেক প্রদান করা হয়। সেই টাকা উত্তোলনের জন্য ২৫ জুন তিনি ছেলেকে নিয়ে শিবচরের একটি ব্যাংকে যান। এরপর থেকেই তাদের সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সৌদি প্রবাসী আব্দুল মালেক বলেন, ‘বুধবার রাতে স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয়। বৃহস্পতিবার ব্যাংকে গিয়ে টাকা তোলার কথা ছিল। পরে ফোন করলে সেটি বন্ধ পাই। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান পাইনি।’
নিখোঁজ মাকসুদার দেবর আব্দুল বারেক হাওলাদার বলেন, ‘আমার ভাবি খুবই সহজ-সরল মানুষ। অপ্রয়োজনে কোথাও যান না। টাকা উত্তোলনের পর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে আমাদের সন্দেহ। তাই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্তের দায়িত্ব এসআই রিয়াজকে দেওয়া হয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে। নিখোঁজ মা-ছেলেকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এমই