জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব অধিবেশনে বাজেটটি উপস্থাপন করেন।
এবারের বাজেটে সবচেয়ে বড় অংশ, ২০১ কোটি ৪৩ লাখ টাকা (৫৭ দশমিক ৭৭ শতাংশ) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ কোটি ৩ লাখ টাকা (২২ দশমিক ৩৮ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে সাধারণ সরবরাহ ও সেবা বা প্রশাসনিক আনুষঙ্গিক ব্যয় খাতে। পেনশন ও অবসর-সুবিধা খাতে বরাদ্দ কমিয়ে ৩৭ কোটি ১৪ লাখ টাকা (১০ দশমিক ৬৫ শতাংশ) নির্ধারণ করা হয়েছে। যেখানে গত অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪৪ কোটি ২৪ লাখ টাকা।
তবে এবছর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। এ খাতে বরাদ্দ শূন্য দেখানো হলেও গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সরাসরি বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য।
এ ছাড়া যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে ১১ কোটি ৩৭ লাখ টাকা (৩ দশমিক ২৬ শতাংশ), অবকাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণে ৯ কোটি ৪৭ লাখ টাকা (২ দশমিক ৭২ শতাংশ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ২ কোটি ৮২ লাখ টাকা (০ দশমিক ৮১ শতাংশ), যানবাহন ক্রয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা (০ দশমিক ৭০ শতাংশ) এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে ৭০ লাখ টাকা (০ দশমিক ২০ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে।
এবারের বাজেট পর্যবেক্ষণে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ১৮ কোটি ৭০ লাখ টাকা ঘাটতি যুক্ত হওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে ঘাটতি বেড়ে ৯৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকায় পৌঁছেছে। যা চলতি অর্থবছরের হিসাবে যুক্ত হলে এ ঘাটতি শতকোটি টাকা অতিক্রম করবে।
বিডি প্রতিদিন/এনআরএইচ