সংযুক্ত আরব আমিরাতে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই’। ২০২৫-২৬ সেশনের নির্বাচিত কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন বা সিআইপি সম্মানপ্রাপ্ত ব্যবসায়ীদের নিয়ে এই নতুন সংগঠনটি গঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে দুবাইয়ের একটি রেস্তোরাঁয় সিআইপি ও এবিবিএ বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিআইপি মোহাম্মদ রুবেল হোসেনকে আহ্বায়ক এবং সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
দুবাইতে একটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে যৌথ বিনিয়োগের পরিকল্পনা নিয়েছেন প্রবাসী এই উদ্যোক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার সাবেক এডিটর ও দুনিয়ার গল্প-এর সম্পাদক কেরামতউল্লাহ বিপ্লব। এছাড়া সিআইপি নজরুল ইসলাম, মাহবুবুল আলম, মঞ্জুরুল হক, শামসুজ্জামান, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ইলিয়াস হোসেন, ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ফিহান, মাহমুদুল ইসলাম ফেরদৌস, মাইনুল ইসলাম, এনামুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি প্রবাসী বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সভায় আগামী এক মাসের মধ্যে নতুন সিআইপিদের সংবর্ধনা, স্মারক ম্যাগাজিন প্রকাশ এবং পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সিআইপি ও ব্যবসায়ীদের সমন্বয়ে ১০০ জন বিনিয়োগকারীর তালিকা প্রস্তুত করে বাংলাদেশ সরকারের কাছে যৌথ বিনিয়োগ প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি-প্রতিদিন/এম