প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কার্যকরী কমিটি ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যসহ বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী অংশ নেন।
রবিবার (২১ জুন) সকাল ১০টায় ক্যাম্বেলটাউনের ডুমারেক্স সিনেমা হলে শিশুতোষ চলচ্চিত্র ‘টয় স্টোরি ৫’ প্রদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। বাংলা স্কুলের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে চলচ্চিত্রটি উপভোগ করে।
চলচ্চিত্র প্রদর্শনী শেষে দুপুর ১২টায় অংশগ্রহণকারীরা গ্লেন আলপাইন কমিউনিটি হলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান সফল করতে সকাল থেকেই একদল স্বেচ্ছাসেবক বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্করা বিভিন্ন খেলাধুলা, গল্প-আড্ডা এবং বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। শিশু ও বড়দের জন্য পৃথক গেমসের আয়োজন করা হয়। এছাড়া র্যাফেল ড্র এবং সেরা সাজের জন্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল বাংলা স্কুলের শিক্ষার্থী অনিরুদ্ধের নবম জন্মদিন উদযাপন। এ উপলক্ষে কেক কাটা হয়। পাশাপাশি ঈদ পুনর্মিলনী উপলক্ষে স্কুলের পক্ষ থেকেও বিশেষ কেকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবক ও অতিথিরা ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও এমন পারিবারিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এনআরএইচ