ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। এদিকে নিহতদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবুলের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। এরপর তারা বাবুল, তার স্ত্রী ও শিশুকন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ঘটনার সময় অয়ন বাইরে ছিলেন। পরে তিনি বাসায় ফিরে রুমে প্রবেশের সময় রক্তাক্ত দৃশ্য দেখে ফেললে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় তাকেও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
অয়নের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও মেয়ে আরোয়া ইসলাম আরিশাকে মৃত ঘোষণা করেন। আহত অয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ মর্মান্তিক ঘটনার খবর দেশে পৌঁছালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়ায় নিহতদের গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়। স্বজন ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনার পরিবেশ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, স্থানীয়ভাবে বিষয়টি জানতে পেরেছি। নিহতদের গ্রামের বাড়িতে পুলিশ পাঠানো হবে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেয়া হবে।
বিডি-প্রতিদিন/এমএল