লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না জামালপুরের বৃদ্ধ জয়নাল আবদীনের (৬৬)। গতকাল শুক্রবার বিকেলে গারো পাহাড়ের সংরক্ষিত বনে যান তিনি। কিন্তু রাত পেরিয়েও বাড়ি ফেরেননি। পরদিন সকালে বাগিচা টিলা এলাকায় তার মরদেহ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন অংশ থেতলানো ছিল।
নিহত জয়নাল বকশীগঞ্জ উপজেলার কামালপুর মৃধাপাড়া গ্রামের মৃত আনিজ মিয়ার ছেলে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরতলা বিট শেরপুর বনবিভাগের শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জের আওতাভুক্ত। শুক্রবার বিকেলে ডুমুরতলা বিট এলাকার সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহ করতে যান বৃদ্ধ জয়নাল আবদীন। ওই এলাকাটি ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা সীমান্তের ১০৮৮ ও ১০৮৯ পিলার সংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোরের ১০ দশমিক ০ হেক্টর বাগান এলাকা। তবে রাত পেরিয়েও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
আজ শনিবার সকালে তার আত্মীয়-স্বজনরা স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সহায়তায় পাহাড়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাগিচা টিলা নামক স্থানে তার মরদেহ খুঁজে পান তারা।
উদ্ধারকালে তার এক হাতসহ শরীরের বিভিন্ন অংশ থেতলানো ছিল। উদ্ধারকারী বনবিভাগ কর্মীদের প্রাথমিক ধারণা, বন্যহাতির আক্রমণে তিনি মারা গেছেন।
এ বিষয়ে শেরপুর বনবিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারি রীতি অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/এমই