২০২৬ ফিফা বিশ্বকাপে রীতিমতো রূপকথার গল্প লিখছে কেপ ভার্দে। যাদের টুর্নামেন্ট শুরুর আগে কেউই বড় হিসাবের মধ্যে রাখেনি, সেই দলই এখন জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। গ্রুপ পর্বে তিন ম্যাচেই ড্র করেও অসাধারণ লড়াইয়ের মানসিকতা দেখিয়ে নকআউট পর্বে উঠেছে আফ্রিকার ছোট্ট এই দেশটি।
মাত্র দুটি গোল করেও কেপ ভার্দে দেখিয়েছে, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। প্রতিটি ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সাহসী ফুটবল খেলেছে তারা। আর সেই পারফরম্যান্সেই এখন ফুটবলবিশ্বের নজর কেপ ভার্দের দিকে।
তবে এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। লিওনেল মেসির দল ইতোমধ্যেই নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে অবস্থান শক্ত করেছে।
তবে আর্জেন্টিনাকে নিয়ে কোনও ভয় নেই কেপ ভার্দে কোচ বুবিস্তার। সৌদি আরব ম্যাচের পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য গর্বের। তাদের দলে মেসির মতো খেলোয়াড় আছে, যাকে অনেকেই ইতিহাসের সেরা মনে করে। কিন্তু আমরা কাউকেই ভয় পাই না।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষেও আমরা সাহস নিয়ে খেলেছি। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
বিডি প্রতিদিন/এম.এস