ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুধ বালা (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রানী।
শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুধ বালা উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামের ধীরেন সিংহের স্ত্রী। আহত সারজেন সিংহ নিহতের ছেলে এবং মেজানি রানী ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বিনত সিংহের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে করে পীরগঞ্জ উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে লোলপুকুর ডিএম উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সুধ বালার মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মেজানি রানীর স্বামী বিনত সিংহ জানান, তার স্ত্রীসহ তিনজন ভাতিজির বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মেহমান আনতে যাচ্ছিলেন। পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।
ওসি বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয়দের হাতে আটক ট্রাকচালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএইচটি