প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, মালয়েশিয়া এবং চীন দুই দেশের সরকারই বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ তার জাতীয় স্বার্থ ও মর্যাদা বজায় রেখেই তাদের সঙ্গে কাজ করে যাবে। নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বাংলাদেশ যেকোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর আন্তর্জাতিক মহলে এমনি বার্তা দিয়েছে বলে জানান তিনি।
গতকাল রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা আরও জানান, ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রীর মর্যাদা দেওয়ায় নতুন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক চাপ তৈরি হবে না। বরং এটি দ্বিপক্ষীয় ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে।
চলচ্চিত্রশিল্পের উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যাঁরা চলচ্চিত্র নিয়ে কাজ করতে চান, সরকার সব সময় তাঁদের পাশে থাকবে। বাণিজ্যিকভাবে চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতেও সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এ সময় বিসিটিআইয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি জানান। অনুষ্ঠানে বিসিটিআইর সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।